# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের পাগলা মসজিদে বৃহস্পতিবার দুই সাংবাদিকের ওপর হামলাকারী বিএনপির কর্মী পরিচয় দানকারী জীবনের বিরুদ্ধে পাগলা মজিদের গরুর টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। পাগলা মসজিদের গুদাম রক্ষক বেলাল মিয়া জানিয়েছেন, জীবন গত বছর ৯ ফেব্রুয়ারি পাগলা মসজিদ থেকে ৫৫ হাজার ৫০০ টাকা দিয়ে একটি গরু নিলামে কিনেছিলেন। তাৎক্ষণিকভাবে টাকা পরিশোধের নিয়ম থাকলেও তিনি বাকিতে নিয়ে গিয়েছিলেন। তখন পাগলা মসজিদের সভাপতি ছিলেন সাবেক জেলা প্রশাসক ফৌজিয়া খান। বিষয়টি তাকেসহ বর্তমান প্রশাসনকেও জানানো হয়েছে। বার বার তাগিদ দেওয়ার পরও জীবন টাকাটা দিচ্ছেন না।
পার্শ্ববর্তী হারুয়া এলাকার ইসলাম উদ্দিনের ছেলে জীবন নিজেকে বিএনপির পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য দাবি করছেন। তবে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এমএ সাদেক মুকুল জানিয়েছেন, ৫ নম্বর ওয়ার্ডের কমিটি আগেই বিলুপ্ত করা হয়েছে। ফলে কারও কমিটির সদস্য পরিচয় দেওয়ার সুযোগ নেই। কেউ দলের নাম ব্যবহার করে অপকর্ম করলে এর দায় দল নেবে না।
এদিকে মসজিদ কমিটির বর্তমান সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা সাংবাদিকদের জানিয়েছেন, গরুর টাকা বকেয়া থাকার বিষয়টি তিনি জানেন না। তবে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, পাগলা মসজিদে প্রতিদিন গবাদি পশুসহ যেসব পণ্য দান হিসেবে জমা হয়, সেগুলি প্রতিদিন বিকালে নিলামে বিক্রি হয়। স্থানীয় একটি মহল সিন্ডিকেট করে বাইরের ক্রেতাদের হুমকি দিয়ে সরিয়ে রেখে অবিশ্বাস্য কম দামে এসব পণ্য কিনে নেয় বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার বিকালে চ্যানেল টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু পাগলা মসজিদের নিলাম প্রক্রিয়ার রিপোর্ট করতে গেলে তাদের ওপর জীবনসহ কয়েক সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনায় ফয়জুল ইসলাম বাদী হয়ে ওই দিন রাতেই সদর থানায় মো. জীবন, আহমদুল্লাহ মনা, মো. সুমন ও কেফায়াত উল্লাহসহ ৮ জনের নাম দিয়ে অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই রাতেই পুলিশ জীবন (৩০) ও মনাকে (২৬) গ্রেপ্তার করেছে।
![]()