Dainik Purbokontho

আজকের পত্রিকা | ই-পেপার | আর্কাইভ

ভৈরব থেকে চাঁদাবাজি, মাদক ও ছিনতাই নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে : প্রতিমন্ত্রী শরীফুল আলম

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে চাঁদাবাজি, মাদক ও ছিনতাই ব্যাপকভাবে প্রসারিত আছে। এটা মানুষের আলোচনার মধ্যেও বেশি। ছিনতাইয়ের বিষয়টি বেশি গুরুত্ব দেয়া হয়েছে। মানুষের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে ১০ মার্চ মঙ্গলবার প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি।
প্রতিমন্ত্রী আরো বলেন, পুলিশ প্রশাসনের কিছু সমস্যা রয়েছে। দ্রুত সময়ের মধ্যে গাড়িসহ কিছু লজিস্টিক সমস্যা সমাধান করা হবে। মাদকের টাকা জোগাড় করতেই মানুষ ছিনতাইয়ে জড়িয়ে পড়ে। তাই প্রথমে মাদক কারবারিদের নির্মূল করতে হবে। সকল শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহণে আমরা মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলবো।
প্রতিমন্ত্রী শরীফুল আলম আরো বলেন, আমি ভৈরবের বাসিন্দা। ভৈরবের যেগুলো সমস্যা রয়েছে সেগুলো আমি অনুধাবন করছি। ইতোমধ্যে আমি বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ শুরু করেছি। দ্রুত সময়ের মধ্যে আপনারা জানতে পারবেন। ভৈরব নদীর বন্দর এলাকা এখন ধ্বংসের মুখে। এখানে একটি বেড়িবাঁধ নির্মাণের বিষয়টি জোর দেয়া হয়েছে। ভৈরবে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও একটি স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। রাস্তা-ঘাটের অবকাঠামোগত উন্নয়ন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিল্ডিং নির্মাণ প্রয়োজন। ওইগুলো নিয়ে কাজ করা হচ্ছে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার মানুষের ন্যায় এবং ইনসাফের সমাজ ব্যবস্থা ও মানবিক সমাজ ব্যবস্থার গ্যারান্টি দেয়ার কথা বলেছে। প্রান্তিক মানুষের কল্যাণের কথা বলা হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও বিভিন্ন উপাসনালয়ের ভাতার কার্ডের কথা বলা হয়েছে। ইতি মধ্যে এসব বিষয় নিয়ে সরকার কাজ শুরু করেছে। আমরা সৌভাগ্যবান ভৈরবকে পাইলট প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ১ হাজার ১০ জন পরিবারের নারী প্রধানকে এই কার্ডের সুবিধা দেয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের নিম্নআয়ের হতদরিদ্র পরিবার এই সুযোগ পাবে।
শহরের রাজ কাচারি মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রেসক্লাব আহ্বায়ক মোস্তাফিজ আমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক ভিপি মো. মুজিবুর রহমান প্রমুখ।
প্রেসক্লাব সদস্য সচিব সোহেলুর রহমান এর সঞ্চালনায় অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কে.এম মামুনুর রশীদ, ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফয়জুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ, রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমকে প্রেসক্লাবের সম্মানসূচক সদস্য কার্ড ও সম্মানসূচক ক্রেস্ট প্রদান করেন প্রেসক্লাব আহ্বায়ক মোস্তাফিজ আমিন ও সদস্য সচিব সোহেলুর রহমান। পরে উপস্থিত সকলের সঙ্গে ইফতারে অংশ নেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি।

Loading

Loading

নিজ বিভাগীয় নিউজ দেখুন.....
April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Dainik Purbokontho