নরসিংদীতে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিতে হিন্দু কল্যাণ ট্রাস্টের সভা
নরসিংদীতে পুরোহিত ও
সেবাইতদের দক্ষতা বৃদ্ধিতে
হিন্দু কল্যাণ ট্রাস্টের সভা
# নিজস্ব প্রতিবেদক :-
ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নরসিংদীতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ট্রেইনারদের নিয়ে অবহিতকরণ সভা হয়েছে। ৩১ অক্টোবর রোববার দুপুরে নরসিংদীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রকল্প পরিচালক শিখা চক্রবর্তীর সভাপতিত্বে ও কনসাল্ট্যান্ট পিংকি পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ার, ট্রাস্টি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সৈয়দ আমিনুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইদুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেন, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, মাস্টার ট্রেইনার আশীষ রতন চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্যসচিব সুব্রত কুমার দাসসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।
সভায় জানানো হয়, পুরোহিতদের প্রশিক্ষণ দেয়া হবে হিন্দু আইন ও পূজা পদ্ধতি, ভূমি আইন, আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ, খাদ্য পুষ্টি ও স্বাস্থ্যসেবা বিষয়ে। আর সেবাইতদের প্রশিক্ষণ দেয়া হবে বাল্যবিয়ে, যৌতুক, ইভটিজিং ও মাদকসহ সামজিক মূল্যবোধ, কৃষি ও বনায়ন এবং মৎস্য ও গবাদি পশু পালন বিষয়ে। এর ফলে এরা ধর্মাচারের পাশাপাশি উৎপাদন কর্মে নিজেদের নিয়োজিত করে দেশের জন্য অবদান রাখতে পারবেন। সেই সঙ্গে সামাজিক ও পারিবারিক বন্ধন এবং শৃংখলা রক্ষায়ও ভূমিকা রাখতে পারবেন বলে বক্তাগণ আশাবাদ ব্যক্ত করেন।




