ভৈরবে ১৭ মামলার আসামি, চুরি ও ছিনতাইয়ের গডফাদার মেরাজ পুলিশি অভিযানে গ্রেপ্তার
# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ১৭টি মামলার আসামি, চুরি ও ছিনতাইকারীদের গডফাদার মেরাজ মিয়া (২৬) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ১৮ অক্টোবর রোববার মধ্যরাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মেরাজ মিয়া পৌর শহরের পঞ্চবটি এলাকার বাসিন্দা এবং উপজেলার বাঁশগাড়ি এলাকার বাউল মুর্শিদ মিয়ার ছেলে।
গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে ভৈরব থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, মেরাজের নিয়ন্ত্রণে প্রায় অর্ধশতাধিক চোর ও ছিনতাইকারী রয়েছে। তারা প্রতিনিয়ত ভৈরবের চিহ্নিত এলাকাগুলোতে ছিনতাই করে থাকে। এমনকি ভৈরবে অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে সেখানেও মেরাজ বাহিনীর জড়িত থাকার তথ্য পাওয়া যায়।
ওসি আরও জানান, মেরাজ মিয়ার বিরুদ্ধে ভৈরব থানাসহ আশপাশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা, চুরি, ছিনতাই ও অস্ত্র মামলাসহ মোট ১৭টি মামলা চলমান।
এছাড়াও ইদানীং থানায় হওয়া বেশ কয়েকটি মামলায় তাঁর জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেরাজ তাঁর বিভিন্ন অপকর্মের কথা স্বীকার করেছেন।
আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুরে মেরাজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি নিশ্চিত করেছেন।




