বাজিতপুরে শুটার গান ইয়াবাসহ আটক দুই
# নিজস্ব প্রতিবেদক :-
বাজিতপুরে একটি ওয়ান শুটার গান, ২৯০ পিস ইয়াবা ও নগদ ১৮ হাজার ৫শ’ টাকাসহ দুই ব্যক্তিকে র্যাব আটক করেছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, বাজিতপুরের ফুলবাড়িয়া এলাকায় এক ব্যক্তি দিনেদুপুরে অস্ত্র নিয়ে জনগণকে ভয়ভীতি প্রদর্শন করছে বলে র্যাবের কাছে তথ্য আসে। এর প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি করে ৩১ অক্টোবর মধ্যরাতে র্যাবের একটি দল ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন ও দু’টি সিমসহ বাজিতপুরের দিলালপুর ইউনিয়নের বাগপাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে আজম খান পাভেলকে (২২) আটক করেছে।
অন্যদিকে আজ ১ নভেম্বর সোমবার দুপুর ২টার দিকে বাজিতপুরের পিরিজপুর জামতলী বাজার এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ২৯০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৮ হাজার ৫শ’ টাকাসহ স্থানীয় লাল মিয়ার ছেলে মো. বিজয়কে (১৮) আটক করেছে। উভয় ঘটনায় বাজিতপুর থানায় মামলা হচ্ছে।




