ভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চালক প্রশিক্ষণ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং দক্ষ চালককে সংবর্ধনা
# মো. আলাল উদ্দিন :-
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে পরিবহন চালক প্রশিক্ষণ কর্মশালা, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং দক্ষ চালককে সংবর্ধনা প্রদানসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) ভৈরব উপজেলা মিলনায়তনে আয়োজিত পরিবহন চালক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি।
নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. আলাল উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কে. এম মামুনুর রশীদ, কিশোরগঞ্জ বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. কামরুজ্জামান, নিসচা কেন্দ্রীয় কমিটির মহাসচিব লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাহিদ মিয়া, ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক তোফাজ্জল হক এবং নিসচা ভৈরব শাখার উদযাপন কমিটির আহ্বায়ক ও সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সুজন।
এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন নিসচা ভৈরব শাখার সহ-সাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন।
কর্মশালায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পরিবহন চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদ গতিতে যানবাহন চালানো, দায়িত্বশীল আচরণ এবং দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি চালক, পথচারী ও সংশ্লিষ্ট সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমেই নিরাপদ সড়ক গড়ে তোলা সম্ভব।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় নিরাপদ সড়ক গঠনে শিক্ষার্থীদের ভূমিকা, চালক ও পথচারীদের সচেতনতা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ ছাড়াও পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও নিরাপদে যানবাহন চালানোর স্বীকৃতিস্বরূপ পরিবহন চালক মো. কাজল মিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়।
নিসচা ভৈরব শাখার নেতৃবৃন্দ জানান, নিরাপদ সড়ক প্রতিষ্ঠা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সংগঠনটি দীর্ঘদিন ধরে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।




