হিফজুল কোরআনে সাফল্য বিশ্বদরবারে দেশের মর্যাদা বাড়িয়েছে : মো.জালাল উদ্দিন এমপি
# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে বারবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশের হাফেজরা। হিফজুল কোরআন প্রতিযোগিতায় সাফল্যের মাধ্যমে তারা বিশ্বদরবারে দেশের সম্মান ও মর্যাদা তুলে ধরেছেন।
১০ অক্টোবর শনিবার বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরশহরের এমদাদুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি জালাল উদ্দিন বলেন, পবিত্র কোরআনের ৬ হাজার ৬৬৬টি আয়াত বুকে ধারণ করা আমাদের অহংকার নয়, বরং এটি আমাদের জন্য গর্ব ও সম্মানের বিষয়।
তিনি বলেন, এ ধরনের আয়োজনে সব সময় সহযোগিতা করা হবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে হিফজুল কোরআন প্রতিযোগিতা আয়োজনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন তিনি।
আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রহ.) ফাউন্ডেশনের পাকুন্দিয়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার ৩০টি মাদ্রাসার ২১৫ জন শিক্ষার্থী অংশ নেয়।
৫, ১০, ২০ ও ৩০ পারা এই চার বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি বিভাগ থেকে সাতজন করে বিজয়ী জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।
আয়োজকেরা জানান, জেলা পর্যায়ের বিজয়ীরা পরবর্তী সময়ে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। জেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে একজন পুরস্কার হিসেবে উমরাহ হজ পালনের সুযোগ পাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আল-জামিয়াতুল ইমদাদিয়া ও কিশোরগঞ্জের শহিদী মসজিদের মুতাওয়াল্লি মাওলানা শাব্বির আহমাদ রশিদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, ফাউন্ডেশনের পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মাওলানা রুকন উদ্দিন, এমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম ও পাকুন্দিয়া মডেল মসজিদের খতিব মাওলানা সোলায়মান, হেফাজতে ইসলাম পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা রশিদ আহমদ জাহাঙ্গীর হুসাইনী, কটিয়াদী ফেকামারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম বিপ্লব, ফাউন্ডেশনের পাকুন্দিয়া উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসান ও সাংগঠনিক সম্পাদক মুফতি শরীফুল ইসলাম।
দিনব্যাপী এ আয়োজনে সকাল থেকেই উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা পৌর শহরের সুরুজ হাজী ব্যাপারী বাড়ি সংলগ্ন এমদাদুল উলুম মাদ্রাসায় আসতে শুরু করেন। তাদের পদচারণে মুখর হয়ে ওঠে পুরো মাদ্রাসা প্রাঙ্গন।
আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুল দেন অতিথিরা।



