প্রধানমন্ত্রী এদেশের প্রতিটি খেটে খাওয়া মানুষের জন্য কাজ করছেন: প্রতিমন্ত্রী শরীফুল আলম
# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে আগুনে পুড়ে যাওয়া বাড়িঘর পরিদর্শনে ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। ৫ অক্টোবর সোমবার সকাল ১০টায় পৌর শহরের চণ্ডিবের আবুল কালাম মিয়ার বাড়িতে গিয়ে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী পরিবারের সাথে সাক্ষাৎ ও বসতঘরগুলো পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এদেশের প্রতিটি খেটে খাওয়া মানুষের জন্য কাজ করছেন। এদেশে একজন মানুষও যেন না খেয়ে না মরে, সেজন্য তিনি সোচ্চার রয়েছেন।
তিনি আরো বলেন, গত ২ অক্টোবর চণ্ডিবের গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে ১৩টি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়িঘর ও সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে খবর পেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু সহায়তা নিয়ে এসেছি। আগুনে যে ক্ষতি হয়েছে, তা এই সহায়তায় পূরণ হবে না। তবে আমরা আগামী দিনে পর্যায়ক্রমে তাদের সহায়তা করে যাব।
প্রতিমন্ত্রী বলেন, আজকে যে দৃশ্য আমি দেখে গেলাম, সে বিষয়ে ত্রাণ মন্ত্রণালয়ে গিয়ে আমি তাদের অবগত করব। ত্রাণ মন্ত্রণালয় থেকে হোক কিংবা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে হোক, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করব।
তিনি ক্ষতিগ্রস্তদের উদ্দেশে বলেন, “জাতীয়তাবাদী দল জনগণের দল, এই সরকার জনগণের সরকার। তাই এই দলের প্রতি আস্থা রাখুন।”
আলোচনা শেষে তাৎক্ষণিক সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের প্রতিটির হাতে ৩০ কেজি চাল, নগদ ৩৬ হাজার টাকা, ২ বান টিন এবং ১০ হাজার টাকা মূল্যের বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেন স্থানীয় সংসদ সদস্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কে. এম. মামুনুর রশীদ, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী শাহিন, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল হক, মো. নুরুজ্জামান ও ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহিন সিদ্দিক প্রমুখ।
অপর দিকে বেলা ১১টায় স্থানীয় সরকার বিভাগের নগর পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় চণ্ডিবের জেলেপাড়া নিম্ন-আয় এলাকার উন্নয়নকাজের উদ্বোধন করে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।




