পাকুন্দিয়ায় আগুনে পুড়ল ঘরের সব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন
# সাখাওয়াত হোসেন হৃদয় :-
কাপড় ইস্ত্রি করে সংসার চালান দিলিপ রজক। স্বল্প আয়ে গড়ে তুলেছিলেন ছোট্ট সংসার। কিন্তু এক রাতের আগুনে শেষ হয়ে গেছে তাঁর সারা জীবনের সঞ্চয়। নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে প্রাণে বেঁচে গেছেন একই পরিবারের চার সদস্য। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারটির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। ১৭ নভেম্বর মঙ্গলবার রাত আড়াইটার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসদরের ডাকবাংলোর পেছনে একটি টিনশেড ভাড়া বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
দিলিপ রজক ডাকবাংলো চত্বরে কাপড় ইস্ত্রি করে জীবিকা নির্বাহ করেন। ঘটনার সময় ঘরে দিলিপ, তাঁর স্ত্রী, মা ও ছোট ভাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুনের তাপে তাদের ঘুম ভেঙে যায়। পরে চিৎকার করে সবাই ঘর থেকে বেরিয়ে আসেন। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় লোকজনের সহায়তায় সকাল ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
দিলিপ রজকের স্ত্রী রত্না দাস বলেন, আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। রাত আড়াইটার দিকে শরীরে প্রচণ্ড তাপ অনুভব করি। উঠে দেখি, ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে চিৎকার দিয়ে সবাইকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসি। অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারিনি। চোখের সামনে আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
দিলিপ রজক বলেন, কাপড় ইস্ত্রি করে সংসার চালাই। অনেক কষ্টে যা কিছু গুছিয়েছিলাম, আগুনে সব শেষ হয়ে গেছে। নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র—কিছুই রক্ষা করতে পারিনি। সারা জীবনের সব হারিয়েছি। জানটা শুধু আছে। সব মিলিয়ে চার-পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে নগদ ১০ হাজার টাকা, এক বস্তা শুকনা খাবার ও শীতবস্ত্র দেওয়া হয়।
ইউএনও রূপম দাস বলেন, খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজখবর নিতে ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছি।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নানসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।




