ভৈরবে রাজমিস্ত্রি শ্রমিকদের মিলনমেলা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
# এম.আর রুবেল :-
কিশোরগঞ্জের ভৈরবে রাজমিস্ত্রিদের নিয়ে এক মিলনমেলা ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ‘মজবুত সেতু, মজবুত জাতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে পণ্যের গুণগত মান, নির্ভরযোগ্যতা, নিরাপদ ব্যবহার এবং স্বাস্থ্যসচেতনতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। ১৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের মনুব্যাপারী বাড়ি সংলগ্ন ভৈরব ফুড প্যালেস এন্ড রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অব রিলেশনস অ্যান্ড জেনারেল ম্যানেজার গোলাম কাওছার। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির বৃহত্তর ময়মনসিংহ বিভাগের এজিএম মীর মাজহার হোসেন শিমুল, হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার রাকিব হাসান প্রমুখ।
অনুষ্ঠানে ইস্টার্ন ও সেভেন হর্স সিমেন্টের গুণগত মান, বৈশিষ্ট্য ও নিরাপদ ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেন, প্রতিষ্ঠানটির টেকনিক্যাল সাপোর্ট টিমের প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া। তিনি পণ্যের মান যাচাই, নির্ভরযোগ্যতা এবং সঠিক ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির জোনাল সহকারী ম্যানেজার মনিরুল হক শাহিন, ইস্টার্ন সিমেন্টের পরিবেশক নিউ মেঘনা মোজাইক এজেন্সির স্বত্ত্বাধিকারী মো. ফরিদ মিয়া, সেভেন হর্স সিমেন্টের পরিবেশক জিসান ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী প্রকৌশলী মো. ইকবাল হোসেনসহ ভৈরবের বিভিন্ন এলাকার অর্ধশতাধিক রাজমিস্ত্রি শ্রমিকরা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্র্যান্ড ইস্টার্ন ও সেভেন হর্সের সিনিয়র এক্সিকিউটিভ মো. নূরে আলম।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে উপস্থিত রাজমিস্ত্রিদের সঙ্গে মতবিনিময় এবং পণ্যের গুণগত মান ও নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অব রিলেশনস অ্যান্ড জেনারেল ম্যানেজার গোলাম কাওছার বলেন, মানসম্মত পণ্যের ব্যবহার এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের সচেতনতা নিরাপদ ও টেকসই নির্মাণকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সচেতন সমাজ গড়ে তুলতে প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন।
তিনি আরও বলেন, গ্রাহক, ব্যবসায়িক অংশীদার ও পেশাজীবীদের মধ্যে সুসম্পর্ক এবং পারস্পরিক আস্থা সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে রাজমিস্ত্রিদের স্বাস্থ্যসচেতনতা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। এতে উপস্থিত রাজমিস্ত্রী শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে উপহার বিতরণ করা হয়।




