অদ্বিতীয়া সূত্রধর কিশোরগঞ্জ জেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে নজরুল সংগীতে ১ম স্থান অর্জন
# নিজস্ব প্রতিবেদক :-
“নজরুল বর্ষ” উপলক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত নজরুল সংগীত প্রতিযোগিতায় মাধ্যমিক স্কুল পর্যায়ে ভৈরব উদয়ন স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী অদ্বিতীয়া সূত্রধর জেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করে সে ঢাকা বিভাগীয় পর্যায়ে চূড়ান্ত বাছাই পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। সে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে, প্রথমে উপজেলা পর্যায়ের বাছাই পর্বে অংশ নিয়ে ভৈরব উপজেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হলে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার প্রতিযোগিদের মধ্যে সে শ্রেষ্ঠত্ব নিশ্চিত করে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। “নজরুল বর্ষ” উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতা ছাড়াও অদ্বিতীয়া সূত্রধর ইতিপূর্বে ভৈরব উপজেলা পর্যায়ে আয়োজিত বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।
ভৈরব উপজেলার আমলাপাড়ার বাসিন্দ অদ্বিতীয়া সূত্রধরের বাবা প্রদীপ সূত্রধর ও মা নমিতা সূত্রধর সংস্কৃতি চর্চায় অত্যন্ত আগ্রহী। সংস্কৃতিমনা পরিবারে বেড়ে উঠা অদ্বিতীয়া ছোটবেলা থেকেই স্থানীয় ভৈরব শিল্পকলা পরিষদে নাচ ও গান শিখতে শুরু করে, মা-বাবার আগ্রহে। পরবর্তীতে ভৈরব উদয়ন স্কুলে ভর্তির পর থেকে তার সাংস্কৃতিক চর্চার আগ্রহ আরও গতি পায়। সে গানের পাশাপাশি নৃত্য, আবৃত্তি ও বতর্ক চর্চায় নিয়মিত অংশ নেয়। বিশেষ করে, সে ছোটবেলা থেকেই নৃত্য চর্চায় পারদর্শী এবং ইতিপূর্বে উপজেলা পর্যায়ে নৃত্য প্রতিযোগিতায় একাধিকবার ১ম স্থান অধিকার করেছে। তার এই সাফল্যে সে তার গান শেখার নেপথ্যে অন্যতম আগ্রহী মা ও বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সেই সাথে ভৈরব শিল্পকলা পরিষদ, বিশেষ করে গানের প্রশিক্ষক লিটন মোল্লা, বিশিষ্ট তবলা শিল্পী জাকির হোসেন, তার শিক্ষা প্রতিষ্ঠান-ভৈরব উদয়ন স্কুল এবং হাজী ইউসুফ আলী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। উল্লেখ্য, সে প্রাতিষ্ঠানিকভাবে হাজী ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়ে নিবন্ধিত ও নিয়মিত শিক্ষার্থী। তার মা-বাবার স্বপ্ন-মেয়ে একদিন খুব ভাল শিল্পী হবে এবং সমাজে পরিচয় দেবার মত ভালো মানুষ হবে। আসন্ন বিভাগীয় পর্যায়ের চুড়ান্ত বাছাইয়ের পর্বে অংশগ্রহণ করতে অদ্বিতীয়া বর্তমানে ঢাকায় অবস্থান করছে। তার জন্য সকলের কাছে আশীর্বাদ কামনা করেছেন তার মা-বাবা। এই পর্বে জয়ী হলে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ পাবে অদ্বিতীয়া সূত্রধর। তার জন্য সকলের শুভকামনা।




