ভৈরবে রাতভর অভিযানে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ
# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, বিএনপির কার্যালয় ভাঙচুর ও সম্প্রতি সময়ে সড়কে ককটেল বিস্ফোরণের মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। এদের মধ্যে যুবলীগের বাবুল মিয়া নামে এক নেতাকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ১৬ নভেম্বর সোমবার দিবাগত রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী মধ্যপাড়া এলাকার সিরাজ ভূঁইয়ার ছেলে ও গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাদলুজ্জামান ভূঁইয়া (৪৫), শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা পশ্চিমপাড়া এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে ও শিমুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মো. মজিবুর রহমান (৫৫) ও পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার লাল মিয়ার ছেলে, পৌর ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. বাবুল মিয়া (৪৮), একই এলাকার মুন্সি বাড়ির ভাড়াটিয়া ইদ্রিস মিয়ার ছেলে ও উপজেলা ছাত্রলীগ উপগণ শিক্ষা বিষয়ক সম্পাদক রিয়াদ মিয়া (২০)।
পুলিশ জানায়, গ্রেপ্তার বাবুল মিয়ার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। সম্প্রতি টেলিগ্রামে শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠিত এক কনফারেন্সে যুক্ত হয়ে দেশবিরোধী চক্রান্তে জড়িত থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এছাড়া গ্রেপ্তারের পর হাজতে বাবুল মিয়া অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, সারা দেশে নৈরাজ্য সৃষ্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা, বিএনপির কার্যালয় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেপ্তারকৃত চারজনের জড়িত থাকার অভিযোগ রয়েছে। সোমবার রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের সম্পৃক্ততার বিষয়ে পুলিশ নিশ্চিত হয়েছে। এছাড়া সম্প্রতি ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় ককটেল বিস্ফোরণেও তাদের জড়িত থাকার বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
ওসি আরো বলেন, আসামি বাবুল মিয়াকে গ্রেপ্তারের পর হাজতে রাখা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক থানা পুলিশ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে বাবুল মিয়াকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। হাসপাতালে বাবুল মিয়া চিকিৎসাধীন রয়েছে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত বাকিদের আদালতে সোপর্দ করা হবে।




