কটিয়াদীতে দুই বন্ধুর মধ্যে হট্টগোল, ইমামের মরদেহ উদ্ধার
# সাখাওয়াত হোসেন হৃদয় :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে গভীর রাতে দুই ঘনিষ্ঠ বন্ধুর মধ্যে হট্টগোলের পর শামীম (২৫) নামে এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সোহান (২৪) নামে অপর বন্ধু গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ২৭ সেপ্টেম্বর রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার জালালপুর ইউনিয়নের চর-ঝাকালিয়া গ্রামের ইছামুদ্দিন সরকার বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে।
শামীম ওই মসজিদের ইমাম এবং একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে। সোহানও একই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, রাতে মসজিদসংলগ্ন একটি কক্ষ থেকে হট্টগোলের শব্দ পেয়ে কয়েকজন সেখানে গিয়ে সোহানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাঁর গলা ও শরীরে ক্ষতচিহ্ন ছিল। সোহান জানান, শামীম তাকে আঘাত করেছেন। পরে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এর কিছুক্ষণ পর শামীমের বাবা ফরিদ মিয়া ওই কক্ষে গিয়ে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
খবর পেয়ে পুলিশ সোমবার ভোরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
স্থানীয়দের ভাষ্য, শামীম ও সোহান দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং তাদের মধ্যে আগে কোনো বিরোধ ছিল না। শামীম মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি মসজিদে ইমামতি করতেন। ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
শামীমের পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করার মতো কোনো কারণ তারা দেখেননি। তবে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাস্থলের আলামত দেখে আত্মহত্যার ধারণা করছে।
কটিয়াদী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আহত সোহানের জবানবন্দি পাওয়া গেলে ঘটনার বিষয়ে আরও তথ্য জানা যাবে।




