করিমগঞ্জে মোবাইল কোর্টের অভিযান | বাজারমূল্য ৩ লাখ টাকা, মালিককে ৫ হাজার টাকা জরিমানা
করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
নিষিদ্ধ পলিথিনে ঠাসা একটি কাভার্ডভ্যান আটক করেছে করিমগঞ্জ উপজেলা প্রশাসন। মোবাইল কোর্টের অভিযানে কাভার্ডভ্যানটি থেকে প্রায় ২ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। জব্দ করা পলিথিনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। এ ঘটনায় পলিথিনের মালিক মো. সবুজ মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে করিমগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রি।
অভিযানকালে অবৈধ পলিথিন বহনকারী কাভার্ডভ্যানটি আটক করা হয়। পরে গাড়িতে থাকা পলিথিনের মালিক মো. সবুজ মিয়া (২৬)কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কাভার্ডভ্যানে থাকা প্রায় ২ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও পরিবহন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষা এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে এর ব্যবহার অনেকটাই কমিয়ে আনা সম্ভব। একই সঙ্গে পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।




