ম্যাজিস্ট্রেট থেকে পালালেন জাল ব্যবসায়ী, গোডাউন থেকে ১৫শ পিস নিষিদ্ধ জাল উদ্ধার, ৩০ হাজার টাকা অর্থদণ্ড
# ইশতিয়াক আহমাদ শৈভিক :-
কিশোরগঞ্জের ভৈরবে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ ও রেণু পোনা নিধন রোধে বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ৫শ পিস নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
১২ অক্টোবর সোমবার বিকেলে ভৈরব পৌর শহরের চক বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বন্ধ দোকানের তালা ভেঙে ১ হাজার ৫শ পিস নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত জালগুলো উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক এর উপস্থিতিতে ভৈরব মেঘনা নদীর তীর ত্রি-বেণী সেতু এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযুক্ত ব্যবসায়ীর নাম ভুট্টো মিয়া। অভিযান শেষে ভুট্টো মিয়ার প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে উপস্থিত হয়ে ভুল স্বীকার করলে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেনসহ ভৈরব এসআরবি সদস্যরা।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দপ্তরের উদ্যোগে ভৈরব বাজারসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিকেল ৩টায় ভৈরব বাজারে ব্যবসায়ী ভুট্টো মিয়ার দোকানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মৎস্য নিধন জাল মজুতের খবর পাওয়া যায়। তবে মালিকপক্ষ উপস্থিত না থাকায় স্থানীয়দের উপস্থিতিতে তালা ভেঙে দেড় হাজার পিস নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষা করতে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য দপ্তর যৌথভাবে কাজ করে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভৈরব বাজারে একটি দোকানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল মজুত রয়েছে। দুপুরে সেখানে অভিযান চালাতে গেলে খবর পেয়ে ব্যবসায়ী ভুট্টো মিয়া পালিয়ে যান। পরে স্থানীয় ব্যবসায়ীদের সাথে নিয়ে তালা ভেঙে ১ হাজার পিস চায়না দুয়ারি রিং জাল ও ৫শ পিস কারেন্ট জাল উদ্ধার করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, সন্ধ্যায় ভুট্টো মিয়ার প্রতিনিধি এসে নিজেদের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে আর এ ধরনের ব্যবসা করবেন না মর্মে মুচলেকা দেন। পরে ভুট্টো মিয়াকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




