নোংরা পরিবেশ ও মাছির উপদ্রব ভৈরবে আদিয়ান হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা
# ইশতিয়াক আহমাদ শৈভিক :-
কিশোরগঞ্জের ভৈরবে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং পরিবেশনের অপরাধে আদিয়ান হোটেল নামের একটি খাবার প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ১১ অক্টোবর রোববার বিকেল ৪টার দিকে পৌর শহরের ভৈরব বাজার নদীর পাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, নদীর পাড় সংলগ্ন আদিয়ান হোটেলে দীর্ঘদিন ধরে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে রান্না এবং খাবার পরিবেশন করা হচ্ছিল। এর পাশাপাশি খাবার ঘরে ছিল মারাত্মক মাছির উপদ্রব, যা সাধারণ মানুষের স্বাস্থ্য ও জীবনের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছিল।
জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ এমন অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক তা আদায় করা হয়।
অভিযান পরিচালনা শেষে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক জানান, জনস্বাস্থ্য নিশ্চিত করা এবং ভোক্তা-অধিকার রক্ষায় আমাদের এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।




