ভৈরবে শহীদুল্লাহ’র ১০৯ তম গ্রন্থ ছাত্র-ছাত্রীদের জন্য অটোসাজেশন এর মোড়ক উন্মোচন
# ইশতিয়াক আহমাদ শৈভিক :-
কিশোরগঞ্জের ভৈরবের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রফিকুল ইসলাম মহিলা কলেজ মিলনায়তনে খ্যাতিমান লেখক, শিক্ষাবিদ এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহীদুল্লাহ্ রচিত ১০৯তম গ্রন্থ ‘ছাত্র-ছাত্রীদের জন্য অটোসাজেশন’ এর আড়ম্বরপূর্ণ মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর বুধবার বিকেল ৩টায় ‘গ্রন্থকুটির প্রকাশনী’ এর আয়োজনে এক আনন্দঘন ও প্রাঞ্জল পরিবেশে এ অনুষ্ঠান আয়োজিত হয়। রফিকুল ইসলাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. শরীফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরবের কৃতী সন্তান সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক তোফাজ্জল হোসেন।
প্রকাশনা উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আশুগঞ্জ ফিরোজ মিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. সাফিউদ্দিন আহম্মদ, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও রফিকুল ইসলাম মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি কে.এম মামুনুর রশীদ।
রফিকুল ইসলাম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. এনামুল হকের সঞ্চালনায় প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সত্যজিৎ দাস ধ্রুব এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফোরকান উদ্দিন।
এছাড়াও সুধীজন ও সাংবাদিকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন, দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, ভৈরব উপজেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক ফারহানা বেগম লিপি, কালের কণ্ঠ ও বৈশাখী টিভি ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ প্রমুখ।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা লেখক মো. শহীদুল্লাহর দীর্ঘ সাহিত্যচর্চা এবং ১০৯টি বই প্রকাশের মতো অসাধারণ মাইলফলকের ভূয়সী প্রশংসা করেন। অতিথিরা আশাবাদ ব্যক্ত করে বলেন, ছাত্র-ছাত্রীদের জন্য অটোসাজেশন বইটি শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক গঠনে, আত্মবিশ্বাস বৃদ্ধি করতে, মানসিক চাপ দূর করতে এবং পড়ালেখায় পূর্ণ মনোযোগী হতে এক যুগান্তকারী ভূমিকা রাখবে।




