কটিয়াদীতে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা, নিরাপত্তায় গুরুত্ব
# মাহবুবুর রহমান :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় নিয়ে সভায় আলোচনা করা হয়।
৮ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে কটিয়াদী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ। এ সময় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহমুদুল হাসান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ সাহা, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ।
এছাড়াও সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতারা অংশ নেন।
সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, পূজার সময় দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন রাখা এবং গুরুত্বপূর্ণ সড়কে যানজট নিরসনসহ নানা বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উৎসব চলাকালে সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয়দের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।




