জাতীয় নিরাপদ সড়ক দিবসে ভৈরবে নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন
# মো. আলাল উদ্দিন :-
২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
নিসচা ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মো. আলাল উদ্দিনের সার্বিক পরিচালনায় এবং সহ-সাধারণ সম্পাদক ও মাসব্যাপী উদযাপন কমিটির আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান, বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাহিন সিদ্দিকী, প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন এবং এডহক কমিটির সদস্য মো. মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে নিসচা সদস্যরা শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। পাশাপাশি সড়ক দুর্ঘটনার বিভিন্ন কারণ, দুর্ঘটনার ভয়াবহতা এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে নির্মিত কয়েকটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীসহ প্রত্যেক সড়ক ব্যবহারকারীকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত ও বেপরোয়া গতিতে গাড়ি না চালানো এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং পরিহারের ওপর গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তাবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এছাড়া পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বিদ্যালয় প্রাঙ্গণে অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও নিসচা সদস্যদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
নিসচা ভৈরব শাখার সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন বলেন, ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই প্রত্যয়কে সামনে রেখে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে নিসচা ভৈরব শাখা নিয়মিতভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মধ্যে নিরাপদ সড়ক সম্পর্কে সচেতনতা তৈরির কার্যক্রম অব্যাহত থাকবে।




