বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কটিয়াদীতে কন্যাশিশু দিবস
# মাহবুবুর রহমান :-
‘শিশু বিয়ে আর নয়-কন্যা করবে বিশ্বজয়’—এই প্রত্যয়কে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস। বাল্যবিবাহ প্রতিরোধ, কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা এবং তাদের সম্ভাবনা বিকাশের বার্তা নিয়ে দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি , আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বের করা হয় একটি বর্ণাঢ্য র্যালি । উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. আছমা আক্তার। এতে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহমুদুল হাসান, উপজেলা মহিলা দলের সভাপতি মোছা. রেহেনা বেগম এবং পৌর মহিলা দলের সভাপতি মোছা. তিতাস বেগম। আলোচনা সভায় কন্যাশিশুর নিরাপদ বেড়ে ওঠা, শিক্ষার সুযোগ নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সমাজে তাদের সমান অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।




