পাকুন্দিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
#পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-
“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শোভাযাত্রা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহম্মদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হোসেন প্রমুখ।
মহড়ায় যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময়ে আতঙ্কিত না হয়ে কীভাবে সচেতনতার সাথে জীবন ও সম্পত্তি রক্ষা করা যায়, তা প্রদর্শন করা হয়।
এতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ফায়ার সার্ভিস কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।




