ভৈরবে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা
# মোস্তাফিজ আমিন :-
কিশোরগঞ্জের ভৈরবে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কে.এম মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মো. মুজিবুর রহমান, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৈয়দ রাফিউদ্দিন।
উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিস আয়োজিত ওই সভায় এ সময় বিএনপির বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা, তথ্য সংগ্রহ কার্যক্রমের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারিরা বক্তব্য রাখেন।
আলোচনা শেষে তথ্য সংগ্রহ কাজে মনোনীত কর্মীদের মাঝে সরকার বরাদ্ধকৃত ট্যাব ও পরিচয়পত্র বিতরণ করেন অতিথিরা।
আলোচনায় বক্তারা বলেন, তথ্য সংগ্রহকারী কর্মীরা নির্দেশিত সকল তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে সংগ্রহ করতে হবে। জ্ঞাতসারে কোনো তথ্য গোপন করলে বা বিকৃতভাবে অথবা আংশিকভাবে লিপিবদ্ধ করলে তাদের শাস্তি ভোগ করতে হবে।
তথ্য সংগ্রকালে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের তথ্য সমান গুরুত্ব দিয়ে সংগ্রহ করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি বিরাগভাজন বা অনুকম্পা দেখিয়ে তথ্য সংগ্রহ করা যাবে না। তথ্য সংগ্রহকালে স্থানীয় নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। তবে কারো সুপারিশ বা পরামর্শে কোনো ন্যায্য ব্যক্তিকে বাদ বা অন্যায্য ব্যক্তি গ্রহণ করা যাবে না।
সভায় জানানো হয়, প্রাথমিক পর্যায়ে উপজেলার গজারিয়া ও শিবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ করা হবে। এই কাজে দুইজন সুপারভাইজার ও ১৩ জন তথ্য সংগ্রহকার আজ থেকে শুরু করে আগামী ৪৫ দিন পর্যন্ত এই কাজে নিয়োজিত থাকবেন।




