কিশোরগঞ্জ রেলস্টেশনে রেলকর্মী কর্তৃক এক স্কুলছাত্রী ধর্ষিত
# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ রেলস্টেশনের রেস্ট হাউজে এক রেলকর্মী তার স্কুল পড়ুয়া খালাতো বোনকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কিশোরগঞ্জ জিআরপি থানায় ভিকটিমের বড়ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। তবে ধর্ষক পলাতক রয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে, পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়েটিকে তার খালাত ভাই রেলওয়ে প্রকৌশল বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী মাহমুদুল হাসান সাগর (২৫) বন্ধুর জন্মদিনে যাওয়ার কথা বলে ২০ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যার পর রেল স্টেশন এলাকার বাসা থেকে বের করে নিয়ে আসে। এরপর স্টেশনের দোতলার ভিআইপি রেস্ট হাউজে ঢুকিয়ে দরজা বন্ধ করে বাথরুমে হাতপা বেঁধে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে রেলওয়ে পুলিশ ও স্টেশনের অন্য স্টাফরা দরজার ছিটকিনি ভেঙে মেয়েটিকে উদ্ধার করেন। তবে ধর্ষক সাগর জানালা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে জিআরপি থানায় মামলা করেছেন। সাগরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে সাংবাদিকদের জানিয়েছেন জিআরপি থানার সদস্য এমদাদুল হক।
রেলওয়ে স্টেশন মাস্টার জয়নাল মিয়া সাংবাদিকদের জানিয়েছেন, মেয়েটিকে নিয়ে সাগরের স্টেশনে ঢোকার দৃশ্য স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজেও দেখা গেছে। সাগরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও প্রক্রিয়া চলছে।




