ভৈরব উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগের কমিটি গঠন
# মিলাদ হোসেন অপু :-
ভৈরব উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ভৈরব উপজেলা ছাত্রলীগ সভাপতি আমির হামজা, সাধারণ সম্পাদক মো. রিয়াদ মিয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি ছালেম রহমান মিকদাত, সাধারণ সম্পাদক এমদাদুল হক ইমনের নাম প্রকাশ করা হয়েছে। জেলা ছাত্রলীগ সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ নোমান খানের স্বাক্ষরে এ নবগঠিত কমিটি অনুমোদন পেয়েছে। পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন না দিলেও ৫ সদস্যের কমিটি অনুমোদন দিয়েছে। বাকীদের মধ্যে রয়েছে উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি তাহমিদ ওয়াসিফ পার্থ, যুগ্ম-সাধারণ সম্পাদক রুমানুর জামান নোমান ও ইফতেখার হোসেন রিয়াদ। এছাড়াও পৌর কমিটির ৫ সদস্যের বাকীদের মধ্যে হলো সহ-সভাপতি সাজিদুর রহমান প্রান্ত ও আমজাদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন প্রান্ত। ১ বছরের মেয়াদের এ কমিটি ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশও রয়েছে এই বিজ্ঞপ্তিতে।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন জানান, বিভিন্ন কারণে দীর্ঘদিন ভৈরব ছাত্রলীগের কমিটি গঠন করা হয়নি। সাংগঠনিক শক্তি ফিরিয়ে আনতে আগামী ১ বছরের জন্য দুটি কমিটির অনুমোদন দেয়া হয়েছে। পুরনো কমিটির সাংগঠনিক গতিশীলতা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ নেতৃত্ব তৈরির কারখানা দীর্ঘ ১৭ বছর পর ভৈরব ছাত্রলীগের কমিটি হওয়াতে ভৈরব ছাত্র রাজনীতিতে প্রাণ ফিরে পেয়েছে। বহুদিনের অন্ধকার পেরিয়ে ছাত্র রাজনীতিতে আলো ফিরে এসেছে। নতুন কমিটির মাধ্যমে নেতৃত্ব তৈরির পথ উন্মোচন হয়েছে। এ সময় তিনি মাননীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপনসহ ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ ও নতুন কমিটিকে শুভ কামনা জানান।




