পোড়া তেল ও অনুমোদনহীন রংয়ে খাদ্য তৈরি, কটিয়াদীতে জরিমানা
# মাহবুবুর রহমান :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণে অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে কটিয়াদী পৌরসদর কলেজ রোডে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাহী ফুড প্রোডাক্টসকে ২০ হাজার এবং মিঠাই ঘরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মাহী ফুড প্রোডাক্টসে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন, অনুমোদনহীন রং ব্যবহার, নষ্ট ডিম দিয়ে কেক ও পাউরুটি তৈরি এবং পোড়া তেল ব্যবহারের বিষয়টি ধরা পড়ে। পাশাপাশি প্রতিষ্ঠানে মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন করা হয়নি। অন্যদিকে মিঠাই ঘরে খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা এবং খবরের কাগজ দিয়ে খাবার ঢেকে রাখার অনিয়ম পাওয়া যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান চলছে। খাদ্য উৎপাদন ও সংরক্ষণে অনিয়ম করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের খাদ্যপণ্যের মান বজায় রাখা, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।




